
নিজস্ব প্রতিবেদক : নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মোড়ে অভিযান চালিয়ে ২১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-৫ এর নাটোর সিপিসি-২ ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সাগর আহমেদ (২৫)। তিনি নাটোর জেলার বড়াইগ্রাম থানার কামারদহ দক্ষিণপাড়া গ্রামের আ. সালামের ছেলে।
র্যাব শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মাদকবিরোধী অভিযান তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষার লক্ষ্যেই দেশব্যাপী অভিযান চালানো হচ্ছে। মাদক ব্যবসায়ীরা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচার করছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বনপাড়া মোড়ে অভিযানে গিয়ে র্যাব সদস্যরা সাগরকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২১ কেজি শুকনো গাঁজা, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর স্বীকার করেছেন, সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করছিলেন তিনি।
র্যাব আরও জানায়, আটক সাগর পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্যের ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
ঘটনার বিষয়ে নাটোর জেলার বাগাতিপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে তাদের অভিযান অব্যাহত থাকবে।







