
দুর্গাপুর প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য ও কৃষক লীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার(১৬ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার পানানগর বাজার ও কলিতলা বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পানানগর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আবু হানিফ সরদার(৫০) ও মাড়িয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শরিফুল ইসলাম(৪২)।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
ওসি শফিকুল ইসলাম আরও বলেন, অপরাধী ও নাশকতাকারীদের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান চলমান রয়েছে।







