
নিউজ ডেক্স
সরকারের পদত্যাগসহ আন্দোলনের ৯ দফা খসড়া চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার রাতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই খসড়া চূড়ান্ত করা হয়। এসব দাবির মধ্যে গতকাল মঙ্গলবার এক সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাঁচটি দাবি তুলে ধরেন।
দাবিগুলো হচ্ছে- বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিরোধী নেতাকর্মীদের সাজা ও মিথ্যা মামলা প্রত্যাহার, সংসদ বাতিল ও সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন। বাকি দফা গুলো হচ্ছে – সাংবাদিক এবং আলেমদের মামলা প্রত্যাহার ও তাদের সাজা বাতিল এবং কারাবন্দীদের মুক্তি। ডিজিটাল আইন-২০১৮ এবং বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ বাতিল। জ্বালানি তেল, গ্যাস, পানির মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্ত বাতিল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট মুক্ত করা। দুর্নীতি চিহ্নিত করতে কমিশন, গুমের শিকার ব্যক্তিদের উদ্ধার ও বিচার বহির্ভূত হত্যার সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করা।
দলের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এই ৯ দফা খসড়া নিয়ে দ্রুত সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবে বিএনপি। তাদের মতামত নিয়ে আন্দোলনের চূড়ান্ত রূপরেখা প্রস্তুত করা হবে। অভিন্ন দাবির ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাজপথে যুগপৎ আন্দোলন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত মে মাস থেকে ২০ দলীয় জোট, যুক্তফ্রন্ট এবং বাম ধারার মোট ২৩ টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে বিএনপি। ওই বৈঠকে অংশ নেওয়া এক নেতা কালবেলাকে বলেন, এর আগে ‘আনডার শেখ হাসিনা, নো ইলেকশন’-এই ইস্যুতে ২৩ টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছি। সব রাজনৈতিক দলই একমত হয়েছে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয়। সবাই অভিন্ন দাবিতে রাজপথে যুগপৎ আন্দোলনের কথা বলেছেন। এবার আমরা একটা আন্দোলনের খসড়া রূপরেখা প্রস্তুত করেছি, গত সোমবার তা স্থায়ী কমিটিও অনুমোদন দিয়েছে। এখন এই খসড়া নিয়ে ওই সব রাজনৈতিক দলের মতামত নেওয়া হবে। এরপর অভিন্ন দাবিতে সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে রাজপথে নিজ নিজ দলের ব্যানারে অথবা জোটবদ্ধভাবে যুগপৎ কর্মসূচি দেওয়া হবে।