
নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৯৭১ সাল নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত দলটির কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তিনি নিঃশর্ত ক্ষমা চাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বুধবার (২২ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “এই ক্ষমাপ্রার্থনা আমরা ইতিমধ্যেই কমপক্ষে তিনবার করেছি- প্রফেসর গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী এবং আমি নিজে। সাম্প্রতিক সময়ে এটিএম আজহারুল ইসলাম যখন জেল থেকে মুক্তি পেয়েছেন, তখন আমি বলেছি, শুধু ৭১ নয়, ৪৭ সাল থেকে শুরু করে জামায়াতের কারণে কেউ যদি কোনো কষ্ট বা ক্ষতির সম্মুখীন হন, আমি ব্যক্তিগত ও সংগঠনের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি।”
তিনি আরও বলেন, “আজও আমরা ভুল করি না- এটা বলা সম্ভব নয়। আমরা মানুষ; আমাদের সংস্থাও মানুষের। একশটির মধ্যে ৯৯টি সঠিক হতে পারে, কিন্তু একটি ভুল সিদ্ধান্তের কারণে জাতির ক্ষতি হতে পারে। সেই ক্ষেত্রে ক্ষতি হলে ক্ষমাপ্রার্থী হওয়ার কোনো অসুবিধা নেই।