
স্টাফ রিপোর্টার, রাজু আহমেদ : “আপনারা কোনো সময় কোনো কারণেই ভয় পাবেন না। আমরা সব সময় আপনাদের পাশে আছি এবং পাশে থাকব।”— এভাবেই সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি দুর্গাপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক খোঁজ-খবর নেন এবং স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে নুরুজ্জামান লিটন আরও বলেন, “আমাদের তরুণ প্রজন্ম বিসিএসসহ প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ও বিভিন্ন খাতে চাকরির মাধ্যমে দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।”
পরিদর্শনের পাশাপাশি তিনি দাঁড়িপাল্লা প্রতীক সম্বলিত নির্বাচনী লিফলেট স্থানীয়দের হাতে তুলে দেন। জানা গেছে, আসন্ন নির্বাচনে তিনি জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চান এবং সে লক্ষ্যে এলাকায় রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা জামায়াতের আমীর মাস্টার মো. সাইফুল ইসলাম, সেক্রেটারি মো. শামীম ইসলাম, সহকারী সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, দুর্গাপুর পৌরসভার আমীর নুর আলমসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা শেষে অতিথিরা স্থানীয়দের মধ্যে নির্বাচনী লিফলেট বিতরণ করেন।







