
নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালের বিভিন্ন ঘটনায় দেশে রুজুকৃত মামলার মধ্যে ২৬টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে ৮টি হত্যা মামলা এবং ১৮টি অন্যান্য ধারার মামলা অন্তর্ভুক্ত রয়েছে।
হত্যা মামলাগুলি শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা ও কুড়িগ্রাম জেলার পাশাপাশি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অঞ্চলে সংঘটিত ঘটনায় দায়ের করা হয়েছে। এই মামলাগুলোর মোট আসামি সংখ্যা ১,১৫৩ জন।
অন্যদিকে, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা ও জামালপুর জেলার পাশাপাশি ঢাকা, বরিশাল ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের এলাকায় দায়েরকৃত ১৮টি অন্যান্য ধারার মামলার মোট আসামি সংখ্যা ৬৮২ জন।
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ নিশ্চিত করছেন যে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে দায়েরকৃত মামলাগুলোর যথাযথ তদন্ত পরিচালনা করা হচ্ছে। রুজুকৃত অন্যান্য মামলার তদন্ত কার্যক্রমও দ্রুত শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য পুলিশ সচেষ্ট রয়েছে।
বাংলাদেশ পুলিশ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সকল প্রচেষ্টা অব্যাহত রাখবে।







