
নিজস্ব প্রতিবেদক : দুর্গাপুরে হত্যা মামলার আসামি ওয়াজেদ আলীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করার ঘটনায় ওমর ফারুক (৪২) ও ফরহাদ কবির (২৫) নামের দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে সাড়ে ১২টার দিকে নাটোর সদরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকা থেকে র্যাব-৫-এর সিপিএসসি, রাজশাহী এবং সিপিসি-২, নাটোর ক্যাম্পের যৌথ দল তাদের গ্রেপ্তার করে।
র্যাব জানায়, ১৪ মে হোজা অনন্তকান্দি গ্রামে একটি মারামারিতে হাসিবুর নামে এক ব্যক্তি নিহত হয়। ওই ঘটনায় ১৫ মে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার এজাহারনামীয় আসামি ছিলেন ওয়াজেদ আলী, যিনি জামিনে মুক্ত হয়ে এলাকায় অবস্থান করছিলেন।
গত রোববার সকালে ওয়াজেদ আলী তার ছেলের সঙ্গে হোজা বিলের পশ্চিম পাশে নিজের পান বরজে কাজ করছিলেন। এ সময় ওমর ফারুক ও ফরহাদ কবির লাঠি, লোহার রড, হাঁসুয়া ও রামদা দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান। গুরুতর আহত অবস্থায় ওয়াজেদ আলী মারা যান।
ঘটনার পর পুলিশ ও র্যাবের তদন্তে গ্রেপ্তারকৃতদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নতুন হত্যা মামলা দায়ের করা হয়েছে।