
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পৃথক অভিযানে মাদক ও মারামারির মামলায় দুইজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও থানা পুলিশ।
র্যাব-৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৭ জুলাই) দিবাগত রাতে উপজেলার বখতিয়ারপুর গ্রামে অভিযান চালিয়ে সোহেল রানা (৪৫) নামে এক ব্যক্তিকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আটক সোহেল রানা ওই গ্রামেরই বাসিন্দা।
অন্যদিকে, একই রাতে দুর্গাপুর থানা পুলিশের একটি দল উপজেলার বর্ধনপুর গ্রামে অভিযান চালিয়ে মারামারির মামলার আসামি আনারুল ইসলামকে (৩৬) গ্রেফতার করে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে র্যাব-৫ ও থানা পুলিশের যৌথ অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”







