
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার মুরাদনগরে নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার ভাঙ্গরা বাজার সংলগ্ন করইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মাদক ব্যবসায় জড়িত বলে অভিযোগ থাকা রোকসানা আক্তার রুবি (৪৮), তার ছেলে রাসেল (৩৮) ও মেয়ে জোনাকি (৩২)। এ সময় গণপিটুনিতে গুরুতর আহত হন রোকসানার আরেক মেয়ে রুমা। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কুমিল্লার পুলিশ সুপার নজির আহম্মেদ খানও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, এর আগে গত ২৬ জুন মুরাদনগরেই ফজর আলী নামে এক ব্যক্তি এক নারীকে বিবস্ত্র করে ধর্ষণের অভিযোগে দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। ওই ঘটনার ঠিক এক সপ্তাহ পর এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করল এই হত্যাকাণ্ড।







