
নিউজ ডেস্ক : নির্বাচনের তারিখ যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
তিনি বলেন, ‘এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। আমরা সময়মতো শিডিউল ঘোষণা করব, তখনই সব জানানো হবে।’
শনিবার সকালে নির্বাচনী আইন ও বিধিমালা-সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সিইসি আরও বলেন, ‘এখানে আমরা কিছু লুকাচ্ছি না। এটা আমাদের একটি পরিকল্পনা। অনেকে একে রোডম্যাপ বলেন, আমি বলছি কর্মপরিকল্পনা- এটা অবশ্যই রয়েছে।’
তিনি বলেন, ‘এত বড় একটি নির্বাচন পরিচালনার জন্য পরিকল্পনা প্রয়োজন। আমাদের পরিকল্পনা রয়েছে, তবে সেটা প্রয়োজনে সংশোধনযোগ্য। কোনো নির্দিষ্ট সময় নিশ্চিত না হলে, দু-একদিন এদিক-সেদিক হতেই পারে।’
সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন সম্ভব নয় মন্তব্য করে সিইসি বলেন, ‘নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি কর্মকর্তা ও প্রশাসনের সাহায্য প্রয়োজন হয়। তাই সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
#ম/শি#।