
ডিবিসি জার্নাল ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আন্দোলন-সংগ্রামে একসঙ্গে থাকা মিত্রদের জন্য আসন ছাড়তে পারে। দলটির নীতিনির্ধারকরা ইতোমধ্যে এ নিয়ে প্রাথমিক আলোচনায় নেমেছেন। বিএনপি সূত্র জানায়, রাজপথের সঙ্গীদের প্রতি দায়িত্ববোধ থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
দলের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানায়, মাঠপর্যায় থেকে প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই করে আসন বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো কোনো আসনে বিএনপির পরিবর্তে মিত্র দলের প্রার্থীকে সমর্থন দেওয়া হতে পারে। এমনকি ঢাকার কয়েকটি গুরুত্বপূর্ণ আসনেও ছাড় দেওয়ার ইঙ্গিত মিলেছে।
বিএনপি হাইকমান্ড ইতোমধ্যে মিত্র দলগুলোর কয়েকজন নেতাকে নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন বলেও জানা গেছে। শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে নির্বাচনের তফসিল ঘোষণার পর।
দলটির নেতারা মনে করছেন, সরকারের ‘সাড়ে ১৫ বছরের দুঃশাসনের’ বিরুদ্ধে আন্দোলনে যেসব রাজনৈতিক দল বিএনপির পাশে ছিল, তাদের মূল্যায়ন করাই হবে ন্যায্য ও রাজনৈতিক কৌশলের অংশ।







