
নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় অষ্টম শ্রেণির এক ছাত্রীর বাবাকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জিতু ইসলামের বিরুদ্ধে। শনিবার (১৪ জুন) বিকেলে শহরের ফুলবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জিতুসহ দু’জনকে আটক করেছে।
নিহতের নাম শাকিল আহমেদ (৩২)। তিনি বগুড়া শহরের শিববাটি শাহি মসজিদ এলাকার হানিফ প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাকিলের কিশোরী মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন জিতু ইসলাম। শাকিল রাজি না হওয়ায় শনিবার দুপুরে ১০–১৫ জন যুবক তাকে বাড়ি থেকে তুলে নিয়ে ফুলবাড়ী এলাকার করতোয়া নদীর ঘাটে মারধর করে ফেলে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে বিকেল সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় শাকিল মারা যান।
শাকিলের বোন আশা বলেন, “আমার ভাইয়ের ১৪ বছরের মেয়েকে জিতু বিয়ের প্রস্তাব দিতেন। রাজি না হওয়ায় তাকে প্রকাশ্যে তুলে নিয়ে হত্যা করেছে।”
খালাতো বোন জেসি বলেন, “দুপুরে শাকিল বলেছিল—‘জিতুরা আমাকে মেরে ফেলবে’। এরপর মোটরসাইকেলযোগে ১৫-২০ জন এসে তাকে তুলে নেয়।”
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মুঞ্জু বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”