
ডিবিসি জার্নাল ডেস্ক : ফরিদপুরের বোয়ালমারীতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) দুপুর ১২টার দিকে বোয়ালমারী পৌরসভার সোতাসী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ কর্মকর্তার নাম বোরহান উদ্দিন (২৭)। তিনি যশোরের অভয়নগর উপজেলার পায়ড়া গ্রামের কোবাদ আলীর ছেলে এবং মাগুরার মহম্মদপুর থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এসআই বোরহান উদ্দিন মহম্মদপুর থানা থেকে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে বোয়ালমারীর দিকে যাচ্ছিলেন। পথে সোতাসী ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম বলেন, “সম্ভবত তার মাথায় হেলমেট ছিল না। মাথার পেছনে গুরুতর আঘাতে মস্তিষ্ক বের হয়ে যায়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।”
এ বিষয়ে মাগুরার মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বোয়ালমারী থানার ওসি মাহামুদুল হাসান জানান, নিহত পুলিশ কর্মকর্তার মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। মহম্মদপুর থানা ও নিহতের পরিবারকে অবহিত করা হয়েছে।