
ডিবিসি জার্নাল ডেস্ক: সংস্কার ও বিচারের ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হলে আগামী বছরের রমজান শুরুর আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১৩ জুন) লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা। পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যৌথভাবে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “আজ তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার গঠনমূলক বৈঠক হয়েছে। বিভিন্ন জাতীয় বিষয়, বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।”
বৈঠকে তারেক রহমান আগামী বছরের রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন। তিনি বলেন, “দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন, রমজানের আগে নির্বাচন হলে তা দেশের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।”
প্রধান উপদেষ্টার বক্তব্য উদ্ধৃত করে খলিলুর রহমান জানান, “ড. ইউনূস বলেন, ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের কথা আগেই ঘোষণা করা হয়েছে। তবে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে এবং সংস্কার ও বিচারে উল্লেখযোগ্য অগ্রগতি হলে রমজানের আগেই ভোট হতে পারে।”
বৈঠকের শেষভাগে দুইপক্ষই একে অপরকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও পারস্পরিক যোগাযোগ ও আলোচনার ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।