
নিউজ ডেস্ক : বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগে গণবিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বুধবার (২৭ মে) এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৭ অনুযায়ী এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে কিছু প্রার্থী নির্ধারিত ফরমে দরখাস্ত দাখিল করেছেন। তবে এবার সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, আরও উপযুক্ত প্রার্থী নির্বাচন করতে গণবিজ্ঞপ্তির মাধ্যমে নতুন করে আবেদন আহ্বান করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদেরকে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্যাদি, এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে আগামী ২২ জুনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে ডাকযোগে বা সরাসরি আবেদন পাঠাতে বলা হয়েছে।
তবে যাঁরা এর আগে নির্ধারিত ফরমে আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২১ জানুয়ারি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ গেজেট আকারে প্রকাশিত হয়। এর মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগে নতুন দিক উন্মোচিত হয় এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়।
এ পদক্ষেপকে বিচার বিভাগে একটি যুগান্তকারী পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।







