
নিউজ ডেস্ক: অবৈধ ক্লিনিক, ভুয়া চিকিৎসক, দালাল চক্র ও ভেজাল ওষুধ নিয়ন্ত্রণে সিভিল সার্জনদের মোবাইল কোর্ট পরিচালনার সীমিত ক্ষমতা দেওয়ার দাবি জানিয়েছেন দেশের সিভিল সার্জনরা। পাশাপাশি হাসপাতালগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি প্রতিষ্ঠানে আনসার বাহিনী বা ‘স্বাস্থ্য পুলিশ’ নিয়োগের প্রস্তাবও দিয়েছেন তারা।
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত দুই দিনব্যাপী সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই দাবি ও প্রস্তাব তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্মেলনের উদ্বোধন করেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত এই সম্মেলনে সারা দেশের সিভিল সার্জনরা অংশ নেন।
ঢাকার সিভিল সার্জন ডা. মো. জিল্লুর রহমান সিভিল সার্জনদের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, “অবৈধ ও অনিয়মতান্ত্রিকভাবে পরিচালিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, ভুয়া চিকিৎসক, দালাল ও ভেজাল ওষুধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমাদের হাতে যদি মোবাইল কোর্ট পরিচালনার কিছু ক্ষমতা থাকে, তাহলে তা কাজে লাগিয়ে জনস্বাস্থ্য সুরক্ষা আরও কার্যকর করা যাবে।”
তিনি আরও বলেন, “হাসপাতালগুলোতে নিরাপত্তার অভাবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রায়ই হুমকির মুখে পড়েন। তাই প্রতিটি হাসপাতালে আনসার মোতায়েন বা ‘স্বাস্থ্য পুলিশ’ নিয়োগ এখন সময়ের দাবি।”
এ সময় প্রশাসনিক দায়িত্বে থাকা চিকিৎসকদের জন্য পদোন্নতির ব্যবস্থা করতে ‘সুপারনিউমারারি’ পদ সৃষ্টিরও প্রস্তাব দেন তিনি।
সম্মেলনের কার্য অধিবেশনগুলো রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।







