
নিজস্ব প্রতিবেদক, রাবি : আগামীকাল বাণিজ্য ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা। এ উপলক্ষ্যে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় রাবি কেন্দ্রে থাকছে ৬টি হেল্পডেস্ক।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে ভর্তি পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।
লিখিত বক্তব্যে ভর্তি-পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গৃহীত পদক্ষেপসমূহ উল্লেখ করে রাবি উপাচার্য বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তার জন্য ৬টি হেল্পডেস্কের ব্যবস্থা থাকছে। অভিভাবকদের বসার জন্য সর্বমোট ১১টি অভিভাবক টেন্ট তৈরি করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ২টি ভ্রাম্যমাণ টয়লেটসহ ক্যাম্পাসে নির্দিষ্ট স্থানে ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে।
ভর্তি পরীক্ষার দিনগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ২৫০ জন সদস্য কর্মরত থাকবে। এছাড়াও ক্যাম্পাসে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে বিএনসিসি, রোভার স্কাউট, রেঞ্জার গাইড ও স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং ফোরামের ১০০ জন সদস্য নিয়োজিত থাকবে।
তিনি বলেন, প্রতিটি একাডেমিক ভবনের প্রবেশ পথে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তার জন্য বিএনসিসি, রোভার স্কাউট ও রেঞ্জার গাইড নিয়োজিত থাকবে। প্রক্টরিয়াল বডি পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সমন্বয়ে পরীক্ষার আগের দিনগুলোতে টহল ও পরীক্ষার দিনগুলোতে নিরাপত্তা বেস্টনী তৈরি করা হবে। ভর্তি পরীক্ষার দিনগুলোতে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ৬০ জন কোয়ান্টাম সদস্যসহ অন্যান্য স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োজিত থাকবে।
তিনি আরো বলেন, প্রতিবন্ধী ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তার জন্য রোভার স্কাউট ও পিডিএফ সদস্যরা নিয়োজিত থাকবে। এস্টেট দপ্তরের সাথে সমন্বয় করে অস্থায়ী খাবারের দোকান, স্থান নির্ধারণ, মূল্য নির্ধারণে মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে। ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সুপেয় পানির ব্যবস্থা থাকবে।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন ১৯ এপ্রিল সকাল ১১টা থেকে ১২টা ও দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এ ইউনিটের (মানবিক) এবং তৃতীয় দিন ২৬ এপ্রিল সকাল ১১টা থেকে ১২টা ও দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত সি ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে।