নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আড়াই কেজি ওজনের একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ৮ হাজার টাকায়। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। নগরীর নিউমার্কেটের পাশে অবস্থিত ইলিশ মাছের আড়ত থেকে ওই মাছটি কিনেন স্থানীয় এক ক্রেতা। তবে তিনি নিজের পরিচয় গোপন রাখেন।
ইলিশ মাছের আড়তদার একতা মৎস ভান্ডারের স্বত্বাধিকারী মেরাজ হোসেন বাবু ওই দামে মাছটি বিক্রির বিষয়টি স্বীকার করে বলেন, ইলিশ মাছটির ওজন ছিল ২ কেজি ৫১৬ গ্রাম। রাজশাহীর ইলিশ বাজারে সাধারণত এত বড় ওজনের ইলিশ আসে না। তবে হঠাৎ তার আড়তে এত বড় ইলিশ দেখে তিনি মাছটি বিক্রি না করে সাজিয়ে রাখেন। অনেকের নজর কাড়ে ওই ইলিশ। কিনতেও চায় অনেকে। তবে স্থানীয় এক ক্রেতার পিড়াপিড়িতে ৮ হাজার টাকায় তিনি মাছটি বিক্রি করেন। বাবু জানান, তাদের কাছে বড় ইলিশ বলতে সাধারণত এক কেজি ৮ গ্রামের মাছ পাওয়া যায়। তবে রাজশাহীর বাজারে আড়াই কেজি ওজনের এমন ইলিশ পাওয়াটা দুর্লভ।
মেরাজ হোসেন বাবু ও জান মোহাম্মদ জানু দুজনে মিলে একতা মৎস ভান্ডার পরিচালনা করেন। জানু বলেন, স্থানীয় আড়তদারেরা একত্রিত হয়ে বরিশাল, ভোলা, পটুয়াখালী ও চট্টগ্রামের ইলিশের মোকাম থেকে রাজশাহীতে ইলিশ নিয়ে আনেন। নিউমার্কেটের এই মোকামে গড়ে ৫০ থেকে ৬০ মণ ইলিশ মাছ আসে। এর পর সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত ডাকের (নিলামের) মাধ্যমে আড়তদার বা মাছ ব্যবসায়ীরা বরফ দেয়া সেই ইলিশ মাছ কিনে নেয়। যার ভাগ্যে যে বস্তা পরে সে সেই বস্তা ভর্তি ইলিশ দোকানে বা আড়তে নিয়ে যায়। বস্তা খুলে মাছের আয়তন ভেদে মাছ দিয়ে দোকান সাজানো হয় এবং আয়তের ভিত্তিতে মাছের দাম নির্ধরণ হয়।
এবার ছোট অর্থাত ৬০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৯০০ টাকায়। বড় অর্থাৎ এক কেজির সবেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ৩০০ থেকে ৫০০ টাকায়। আড়তদারেরাই বলছেন, এখন পর্যন্ত ইলিশের বাজার চাড়া। তার পরেও বিক্রি থেমে নেই, ক্রেতারও কমতি নেই।