নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দেলুয়াবাড়ি ইউপি'র সাবেক চেয়ারম্যান গোলাম সাকলায়েন বলেছেন, বিগত হাসিনা সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল। লেখাপড়া না করেও শিক্ষার্থীরা পরীক্ষায় পাস করেছে, ভালো ফল করেছে, এমনকি মেধার যথাযথ মূল্যায়ন ছাড়াই অনেকেই চাকরিও পেয়েছে। এতে শিক্ষা ব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রকৃত মেধাবীরা বঞ্চিত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার দাওকান্দিতে অরবিট শিক্ষা পরিবারের উদ্যোগে এসএসসি প্রিপারেশন, অষ্টম শ্রেণির বৃত্তি ব্যাচ ও পঞ্চম শ্রেণির বৃত্তি ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা গোলাম সাকলায়েন বলেন, “একসময় এমন অবস্থা ছিল যে, খাতায় সঠিক উত্তর না লিখলেও শুধু খাতা পূরণ করে এলেই অনেক শিক্ষার্থী পাস করে যেত। এতে প্রকৃত শিক্ষা ও মেধার মূল্যায়ন হয়নি। এর ফল আজও দেশকে বহন করতে হচ্ছে।”
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে সহজ ও মানসম্মত করার উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের বিকল্প নেই। পরিশ্রমের মাধ্যমেই জীবনে সফলতা অর্জন সম্ভব।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যদি সন্তানদের সত্যিকারের ভালোবাসেন, তাহলে তাদের স্বাস্থ্য ও শিক্ষার প্রতি সমান গুরুত্ব দিতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফল নয়, তাদের সুশিক্ষিত, সভ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
এ সময় তিনি দাওকান্দি এলাকার শিক্ষা পরিবেশ এবং অরবিট শিক্ষা পরিবারের কার্যক্রমেরও প্রশংসা করেন।
অরবিট শিক্ষা পরিবারের পরিচালক আলাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাংবাদিক রাজু আহমেদ। এতে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি এজদার আলী, সাধারণ সম্পাদক নাজমুল হক বাবু, স্থানীয় শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা।