
নিউজ ডেস্ক: হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ ঘোষণা দেন।
তিনি জানান, পিস্তল ও শটগান উদ্ধার করলে ৫০ হাজার টাকা, চায়না রাইফেল উদ্ধার করলে ১ লাখ, এসএমজি উদ্ধার করলে দেড় লাখ, এলএমজি উদ্ধার করলে ৫ লাখ এবং প্রতি গুলির ক্ষেত্রে ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে। তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বাস দেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ বাণিজ্য রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও অনিয়ম দেখা গেলে তাৎক্ষণিকভাবে জানাতে হবে। তিনি উল্লেখ করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর অনেকেই আত্মীয় পরিচয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করছে- এমন কেউ পরিচয় দিলে তা জানাতে এবং রিপোর্ট করতে হবে।
এসময় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের সুষ্ঠুতা নির্ভর করে জনগণ এবং রাজনৈতিক দলের ওপর। তারা যখন নির্বাচনমুখী হবে তখন সমস্যা অনেকটাই কমে যাবে। সবার সহযোগিতা পেলে আমরা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে সক্ষম হবো।”







