
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : নিয়ম দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে সিরাজগঞ্জ সরকারি কলেজে অভিযান চালিয়েছে দুদক। কলেজের মাইক্রোবাসের খরচ, শিক্ষার্থীদের নিকট থেকে আদায়কৃত বিভিন্ন বিষয়ের ফি এবং কলেজের আয় ও ব্যয়ের উৎস সহ নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে জানতে এ অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের একটি প্রতিনিধি দল।
সোমবার সকালে দুদকের এ আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক সাধন কুমার সূত্রধরের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলামের কক্ষে প্রবেশ করেন।
এসময় তারা বিভিন্ন বিষয় সম্পর্কে অধ্যক্ষের কাছে জানতে চান ও কাগজপত্র যাচাই-বাছাই করেন। অভিযান পরিচালনাকালে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন কুমার সূত্রধর জানান, দুদকের প্রধান কার্যালয়ের অনুমতির প্রেক্ষিতে আজকে এখানে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে প্রাথমিক ভাবে কিছু অনিয়ম-দুর্নীতি পরিলক্ষিত হয়েছে।