মাসুদ রানা সিরাজগঞ্জ প্রতিনিধি
ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা ও সদর উপজেলার সয়দাবাদ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজা ও ৪৭ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক কারবারীকে আটক করেছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ এর সদস্যরা। এসময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মাহিন্দ্রা পিকআপ জব্দ করা হয়েছে।সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১২ এর মেজর (মিডিয়া অফিসার) এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।আটক মাদক কারবারিরা হলেন, চাঁদপুর জেলার চিকনাগুল কোহাইগড় গ্রামের আবুল বাসারের ছেলে মো.তামিম ইকবাল নাসির (২২) একই জেলার চিকনাগুল কোহাইগড় গ্রামের আব্দুল হক পাটোয়ারির ছেলে রাকিব হোসেন (৩০), সিলেট জেলার আমলসিধ গ্রামের মৃত মিজানুর রহমান চৌধুরীর ছেলে ফকর চৌধুরী (৪২) ও ঠাকুরগাঁও জেলার উত্তর গাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে জাকির হোসেন (৩২)।
মেজর এম. রিফাত-বিন-আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-রাজশাহীগামী মাহিন্দ্রা পিকআপে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারীকে আটক করা হয়। একই সময় সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ১ মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলাতমসহ সলঙ্গা ও সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।