নাটোর প্রতিনিধি
নাটোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদুল ইসলামকে সার সিন্ডিকেটের পক্ষে সাফাই গাওয়ার অভিযোগে স্ট্যান্ড রিলিজের আদেশ দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ-১ শাখার সিনিয়র সহকারী সচিব আবুল কালাম স্বাক্ষরিত আদেশ সদর উপজেলা কার্যালয়ে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
এমওপি সারের কৃত্রিম সংকট করে নাটোরে সার সিন্ডিকেটের সদস্যরা ৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। গণমাধ্যমে গত ৩১ আগস্ট সারের কৃত্রিম সংকট নিয়ে প্রচারিত সংবাদে সার সিন্ডিকেট সদস্যদের পক্ষে সাফাই গান মেহেদুল। এর পরিপ্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর মন্ত্রণালয় থেকে তাকে খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে বদলির আদেশ দেওয়া হয়।
এছাড়া ৫ সেপ্টেম্বর জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহানকে নাটোর সদর উপজেলার কৃষি কর্মকর্তা হিসেবে যোগদানের আদেশ দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, নাটোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদুল ইসলাম নতুন কর্মস্থলে ১ মাস ২৪ দিনেও যোগদান করেননি। উপরন্তু নীলিমা জাহান গত ১৮ অক্টোবর নাটোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদানপত্র জমা দিলেও তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি।
নাটোর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, ‘আমার কার্যালয়ে স্ট্যান্ড রিলিজের অনুলিপি পাঠানো হয়েছে।’
সদর উপজেলার নতুন কৃষি কর্মকর্তা নীলিমা জাহান যোগদান করতে না পারার বিষয়ে আব্দুল ওয়াদুদ বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। বুধবারের (২৬ অক্টোবর) মধ্যে নতুন কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।’