
নিউজ ডেস্ক : গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুর কোর্টে মানহানি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেট আদালত ২-এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলার আবেদন গ্রহণ করা হয়।
মামলার বাদী, গাজীপুর মহানগর বাসন থানা বিএনপি সভাপতি তানভীর সিরাজ বলেন, সাংবাদিক তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়, যার ভিডিও অপরাধী চক্র ধারণ করেছে। তবে সারজিস আলম বিএনপিকে অবৈধভাবে এ ঘটনার সঙ্গে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছে, যা দলের সুনাম ক্ষুণ্ন করেছে। তদন্তে পুলিশ কমিশনার ইতোমধ্যে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি জানিয়ে দিয়েছেন। তাই দলের নির্দেশনা অনুযায়ী তিনি মামলা করেছেন।
মামলার আইনজীবী এডভোকেট সিদ্দিকুর রহমান জানান, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়েছেন এবং সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।