
ডিবিসি জার্নাল ডেস্ক : সাভারে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার (১৫ জুন) রাত থেকে সোমবার (১৬ জুন) রাত পর্যন্ত টানা অভিযানে সাভারের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—সোহেল, সম্রাট, সুমন, দুর্জয় ও সমর। এদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থেকে নবীনগর পর্যন্ত বিভিন্ন স্থানে যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে।
যৌথ বাহিনীর সদস্যরা জানান, আটক চক্রটি মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ওঁৎ পেতে থেকে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতো। এই অভিযানে তাদের কাছ থেকে সুইস গিয়ার ছুরি, লোহার রড, রামদাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র এবং ছিনতাইকৃত নগদ অর্থ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া সোহেলের বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে বলে নিশ্চিত করেছে যৌথ বাহিনী।
অভিযানে নেতৃত্ব দেন নবম পদাতিক ডিভিশনের অধীনস্থ ২৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ রহমান। এছাড়া অভিযানে অংশ নেন মেজর মোহাম্মদ সালাউদ্দিন, ক্যাপ্টেন শামীম এবং আশুলিয়া থানার একাধিক পুলিশ সদস্য।
অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-আরিচা মহাসড়কে নিয়মিতভাবে অভিযান ও নিরাপত্তা তৎপরতা জোরদার করা হবে।







