ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এই আসনের প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ ছেলে শাহদাব আকবর লাবু চৌধুরী।
আজ মঙ্গলবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে শাহদাব আকবরকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে। এ ছাড়াও ৭টি উপজেলা, ৪টি পৌরসভা ও ২৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শাহদাব আকবর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা ও বিশ্বাস অর্জন করতে পেরেছি বিধায় তিনি আমাকে আপনাদের সেবা করার জন্য ফরিদপুর- ২ আসনে মনোনয়ন দিয়েছেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সকলের সহযোগিতায় আগামী নভেম্বরের ৫ তারিখে অনুষ্ঠিতব্য উপনির্বাচনে জয়লাভ করতে পারি এবং আমার মায়ের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে পারি।
দলীয় সূত্রে জানা যায়, ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ১০ অক্টোবর, বাছাই ১২ অক্টোবর ও প্রার্থিতা প্রত্যাহার ১৯ অক্টোবর। এ উপ-নির্বাচনে ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
এ ছাড়াও সাতটি উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ব্যক্তিরা হলেন-রৌমারী উপজেলায় মো. রেজাউল ইসলাম, চিলমারীতে মো. সোলায়মান আলী সরকার, খোকসাতে মো. বাবুল আখতার, নেত্রকোনা সদরে মো. আতাউর রহমান, ওসমানীনগরে মো. শামীম আহমদ, জগন্নাথপুরে মো. আকমল হোসেন এবং কর্ণফুলীতে ফারুক চৌধুরী।
চারটি পৌরসভা নির্বাচনে দিনাজপুরের পার্বতীপুর পৌরসভায় মো. আমজাদ হোসেন, জামালপুরের হাজরাবাড়ীতে সামছুজ্জামান, সিলেটের বিশ্বনাথে ফারুক আহমদ এবং চট্টগ্রামের ফটিকছড়িতে মো. ইসমাইল হোসেনকে মনোনীত করা হয়েছে।
২৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে লালমনিরহাট সদরের বড়বাড়ী ইউনিয়নে এস এম আশরাফুল হক (মিঠু), জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বড়তারা ইউনিয়নে মো. বোরহান উদ্দীন ফকির, তুলসীগঙ্গায় মো. বজলুর রহমান খান। বগুড়ার শাহাজাহানপুর উপজেলায় আশেকপুর ইউনিয়নে মো. ইনছান আলী। কুষ্টিয়া সদর উপজেলায় জিয়ারখী ইউনিয়নে শাহজাহান আলি ও কাঞ্চনপুরে মো. একরামুল হক, মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নে মো. এনামুল হক বাবলু ও ধুবইলে মো. মাহাবুর রহমান।
যশোর সদর উপজেলায় আরবপুর ইউনিয়নে মো. শাহারুল ইসলাম। বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নে রবিউল ইসরাম ফারাজী, মোল্লাহাটের উদয়পুরে এস এম সাইকুল আলম। খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় বারাকপুর ইউনিয়নে গাজী সাহাগীর হোসেন।
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নে শাহেদুল ইসলাম। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলায় মো. আসাদুজ্জামান। মানিকগঞ্জের হরিরামপুরের সুতালড়ীতে গোলজার হোসেন। ঢাকার দোহার উপজেলার রাইপাড়াতে মো. আমজাদ হোসেন, মাহমুদপুরে আইয়ূব আলী ও সুতারপাড়া তে শেখ নাসির উদ্দিন।
মুন্সীগঞ্জের গজারিয়ার হোসেন্দীতে মো. মনিরুল হক মিঠু। জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রায় মো. রফিকুল ইসলাম, ফুলকোচাতে মো. মামুনুর রশিদ। নেত্রকোনায় মদন উপজেলার নায়েকপুরে মোহাম্মদ মোছলেহ উদ্দিন ভুঞা। সিলেটের গোয়াইনঘা উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে মো. নজরুল ইসলাম, গোয়াইনঘাটে সুভাষ চন্দ্র পাল, পূর্ব জাফলং-এ মো. রফিকুল ইসলাম ও মধ্য জাফলং ফারুক হোসেন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
