
নিউজ ডেস্ক : সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সরওয়ার মেঘের কাছে পূর্বাচলে তিন কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই দলিল হস্তান্তর করা হয়। জানা গেছে, ২০০৪ সালে আবেদন করে ২০০৫ সালে প্লট বরাদ্দ পান সাংবাদিক সাগর সরওয়ার। ২০০৯ সালে পুরো মূল্য পরিশোধ করলেও পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার প্লটটি তার পরিবারকে বুঝিয়ে দেয়নি। বর্তমানে উত্তরাধিকারসূত্রে জমিটির মালিক সাগর সরওয়ারের মা সালেহা মনির এবং ছেলে মাহির সরওয়ার মেঘ।
দলিল হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাগর-রুনি হত্যা মামলার তদন্ত অগ্রগতি সম্পর্কেও খোঁজ নেন। তিনি বলেন, দীর্ঘসূত্রিতা মানুষের মধ্যে হতাশা ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাই আলোচিত এই মামলার তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, তদন্তের দীর্ঘসূত্রিতার কারণে বহু আলামত নষ্ট হয়ে গেছে বলে পুলিশের তদন্তকারী সংস্থা পিবিআই থেকে জানা গেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, ফরিদা আখতার ও সৈয়দা রিজওয়ানা হাসান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং মেহেরুন রুনির ভাই নওয়াজেশ আলম রোমান।
এ সময় মেঘ তার নিজের ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে উপহার দেন।







