বিশেষ প্রতিবেদক: সাঁথিয়ায় অনৈতিক সুবিধা না দেওয়ায় উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানার উপর মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন করার অভিযোগ উঠেছে সাঁথিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশরাফ আলীর বিরুদ্ধে।
জানা যায়, ০৯ সেপ্টেম্বর দুপুরে সাঁথিয়া উপজেলা পরিষদের মুল ফটকের সামনে সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) সাদিয়া সুলতানার বিরুদ্ধে সাঁথিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশরাফ আলী'র নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনের প্রতিবাদে ১২ সেপ্টেম্বর দুপুরে সাঁথিয়া উপজেলা পরিষদের মুল ফটকের সামনে মানববন্ধন করে স্থানীয় জনগণ।
০৯ সেপ্টেম্বর দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে সাঁথিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশরাফ আলী ও তার সহযোগী গণ সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদিয়া সুলতানার বিরুদ্ধে অনৈতিক ভাবে উৎকোচ গ্রহনের অভিযোগ করেন।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশরাফ আলী কর্তৃক উত্থাপিত অভিযোগ বিষয়ে সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদিয়া সুলতানা বলেন, গত ০৭ মার্চ ভোরে উপজেলা পরিষদের দক্ষিণ পাশের সরকারী পুকুর থেকে মাছ চুরির ঘটনায় ০৮ জনকে গ্রেফতার করে পুলিশ। এঘটনায় দায়েরকৃত মামলা প্রত্যাহারের জন্য বিএনপি নেতা আশরাফ আলী আমাকে অনুরোধ করে। আমি তাকে এই অনৈতিক সুবিধা না দেওয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা মানববন্ধন ও প্রচারণা চালাচ্ছে।
সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) সাদিয়া সুলতানার বক্তব্যের সত্যতা যাচাইকল্পে অনুসন্ধানে জানা যায়, সাঁথিয়া উপজেলা পরিষদ এর দক্ষিণ পাশে একটি সরকারি পুকুর (ইউএনও সাঁথিয়ার নিয়ন্ত্রনাধীন) থেকে ০৭ মার্চ ভোরে মাছ চুরির সময় ৮ জন গ্রেফতার হয়। এঘটনায় সাঁথিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দায়ের করা মামলা তুলে নিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদিয়া সুলতানা (ইউএনও না থাকায় এসিল্যান্ড সাদিয়া সুলতানা তখন ইউএনও'র দ্বায়িত্বে ছিলেন)'র নিকট অনুরোধ জানায় আশরাফ আলী। তার অনুরোধ রক্ষা না করায় এসিল্যান্ড সাদিয়া সুলতানার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে বলে জানায় স্থানীয়রা।
স্থানীয়'রা জানান, সাঁথিয়া উপজেলার এসিল্যান্ড সৎ ও মানবিক মানুষ। শুধুমাত্র অনৈতিক সুবিধা না দেওয়ায় আশরাফ আলী তার সুনাম ক্ষুন্ন করতে অপপ্রচার চালাচ্ছে। এসময় অভিযুক্ত আশরাফ আলীর শাস্তি দাবি করেন তারা।