
নিউজ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “২০১৮ সাল থেকেই আমি রাজনীতিতে যুক্ত। তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব।” আসন্ন জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার ইঙ্গিতও দেন তিনি। তবে কোন দলে যোগ দেবেন বা প্রার্থী হবেন কি না- এ বিষয়ে স্পষ্ট কিছু জানাননি।
রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ ইসলাম সরকার থেকে সরে এসে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে পারেন। যদিও এনসিপিতে যোগদানের প্রশ্নে তিনি নির্দিষ্ট জবাব দেননি।
আসিফ মাহমুদ মনে করেন, যারা সরাসরি রাজনীতিতে সক্রিয়, তাদের নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়। প্রধান উপদেষ্টা যেন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে পারেন- সেই লক্ষ্যেই তিনি সরে দাঁড়াচ্ছেন বলে জানান।
এর আগে, এনসিপি গঠনকে কেন্দ্র করে জানাকের কিছু নেতার সঙ্গে বিরোধে জড়ানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তবে এসব বিষয়ে তিনি কোনো পরিষ্কার বক্তব্য দেননি।
এদিকে, গুঞ্জন রয়েছে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে নির্বাচন করতে পারেন তিনি। এ নিয়ে বিএনপি নেতা ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সঙ্গে তার বিরোধের কথাও শোনা যাচ্ছে। তবে আসিফ মাহমুদ দাবি করেছেন, তিনি জাতীয় পর্যায়ের রাজনীতি করতে চান এবং স্থানীয় আসন থেকে প্রার্থী হওয়ার পরিকল্পনা নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার ও পরিবারের বিরুদ্ধে মুরাদনগরে চাঁদাবাজি, শিক্ষক নির্যাতনসহ নানা অভিযোগ উঠেছে। এসবকে রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার উল্লেখ করে তিনি আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।