
নিউজ ডেস্ক : ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. আবু সাঈদ (৫৫) নামে এক উপজেলা জামায়াত নেতা নিহত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার সামনে ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের শুরুর অংশে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও দুই কর্মী।
নিহত আবু সাঈদ জামায়াতের খুলনার দাকোপ উপজেলা শাখার আমির ছিলেন। আহত দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ঢাকার সমাবেশে চলে যান।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রকিবুজ্জামান জানান, খুলনা থেকে ঢাকামুখী জামায়াতের সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা অন্তত ২০টি যাত্রীবাহী বাসে রওনা দেন। পথিমধ্যে ভাঙ্গা পৌরসভার কাছে চা-পানের বিরতি নিয়ে আবার ভোররাতে যাত্রা শুরু করেন। এ সময় পেছন থেকে আসা একটি অজ্ঞাত যান বহরের শেষ দিকে থাকা একটি বাসকে ধাক্কা দেয়। ধাক্কায় ওই বাসটি সামনে থাকা অন্য দুটি বাসের ওপর আছড়ে পড়ে। এতে তিন নম্বর বাসের পেছনের দিকে থাকা আবু সাঈদ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘাতক যান শনাক্তের চেষ্টা চলছে। নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় শোক জানিয়েছেন স্থানীয় জামায়াত নেতারা। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।