
নিউজ ডেস্ক : সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। আগামী রোববার (১ জুন) এবং সোমবার (২ জুন) পাঁচজন উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করবেন তারা।
বৃহস্পতিবার (২৯ মে) সচিবালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে এক ঘণ্টার কর্মবিরতি পালন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি ও সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের আরেক কো-চেয়ারম্যান বাদিউল কবির।
নুরুল ইসলাম জানান,
রোববার স্মারকলিপি দেয়া হবে-
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার,
সড়ক, সেতু ও রেলপথ উপদেষ্টা ড. ফাওজুল কবির খান,
পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানকে।
সোমবার স্মারকলিপি দেয়া হবে-
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম,
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে।
এর আগে, গত বুধবার সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতির ঘোষণা দেন। ঐক্য ফোরাম জানায়, মাঠপর্যায়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ অন্যান্য সরকারি দপ্তরেও একইভাবে কর্মবিরতি পালনের আহ্বান জানানো হয়েছে।
ফোরামের নেতারা আরও জানিয়েছেন, দাবি আদায় না হলে ৩১ মে’র পর থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রসঙ্গত:
গত ২৩ মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ সংশোধনের মাধ্যমে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ খসড়ার অনুমোদন দেওয়া হয়। এরপর থেকেই মন্ত্রণালয় ও বিভাগসমূহের কর্মচারীরা এর বিরোধিতায় আন্দোলনে নেমেছেন। সরকার ২৬ মে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে অধ্যাদেশটি জারি করে, যার বিরুদ্ধে সচিবালয় কর্মচারীরা ২৭ মে থেকে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।