
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক বাম জোটের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে শিবিরের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সদস্য (দাপ্তরিক দায়িত্বে) আতিক শাহরিয়ার আবিরের স্বাক্ষরিত প্রতিবাদ বার্তায় বলা হয়, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ তারিখে বাম জোট শান্তিপূর্ণ মিছিল শুরু করলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর এবং কেন্দ্রীয় লাইব্রেরি এলাকায় শিবির সরাসরি মিছিলে হামলা চালায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল তীব্র ক্ষোভ প্রকাশ করে এবং হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের বিচারের দাবি জানিয়েছে।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের সন্ত্রাসী হামলা শিক্ষার সুষ্ঠু পরিবেশ ধ্বংস করে এবং শিক্ষার্থীদের মাঝে ভয়ের পরিবেশ তৈরি করে। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের একসাথে এই ধরনের সহিংসতা রুখে দাঁড়ানোর আহ্বান জানায়।
ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সুলতান আহমেদ রাহী এক বিবৃতিতে বলেন,
“শিবির তাদের পুরনো সন্ত্রাসী রাজনীতি আবারও প্রতিষ্ঠার চেষ্টা করছে। আজকের হামলা তারই একটি অংশ। আমরা সারা দেশের দেশপ্রেমিক শিক্ষার্থীদের নিজ নিজ অবস্থান থেকে এই হামলার প্রতিবাদ জানানোর আহ্বান জানাই এবং দাবি জানাই, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা হোক।