ডিবিসি জার্নাল ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন লঙ্ঘন করেনি বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (১৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “বিষয়টি বর্তমানে বিচারাধীন। গেজেটের মেয়াদ ও পরবর্তীতে করপোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শপথ গ্রহণের কোনো আইনি সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “তবে এভাবে ক্ষমতা প্রদর্শন করে নগর ভবন দখল করে দক্ষিণ ঢাকার নাগরিক সেবায় বিঘ্ন ঘটানো দায়িত্বহীন আচরণ এবং আইনের শাসনের প্রতি অবমাননার শামিল। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের একজন নেতার কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়।”
বিজ্ঞপ্তিতে উপদেষ্টা উল্লেখ করেন, চলমান অচলাবস্থার কারণে গত এক মাসে নাগরিক সেবায় ৩০-৪০ শতাংশ হ্রাস ঘটেছে। “আমাদের কর্মকর্তা-কর্মচারীরা ওয়াসা অফিস থেকে করপোরেশনের কার্যক্রম পরিচালনা করছেন, যাতে জনগণ ভোগান্তিতে না পড়েন,” বলেন তিনি।
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের অংশীজনদের কাছ থেকে আরও দায়িত্বশীল ও পরিপক্ব আচরণ প্রত্যাশা করি।”