
নিজস্ব প্রতিবেদক : নাটোরের লালপুরে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নানী ও নাতির মৃত্যু হয়েছে। রবিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার সাদিপুর গ্রামে এঘটনা ঘটে। নিহতরা হলেন, সাদিপুর গ্রামের নূর মোহাম্মদের মেয়ে মানু খাতুন (৫৩) ও তার নাতি আল আমিন (৮)। আল আমিন পালিদাহ গ্রামের ফারুক হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মানু খাতুন নাতিকে নিয়ে পুকুরে গোসল করতে যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজ নিতে বিকেল সাড়ে ৩টার দিকে পুকুরপাড়ে যান। সেখানে মানু খাতুনকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
পরে পুকুরে খোঁজাখুঁজি করে শিশু আল আমিনের লাশ উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।