
নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় বাংলাদেশ মালয়েশিয়ার প্রভাব, বিশেষ করে আসিয়ান সভাপতির ভূমিকাকে কাজে লাগাতে চাইছে। এই ইস্যুতে চলতি বছর ৩টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
অধ্যাপক ইউনূস মালয়েশিয়ার অভিজ্ঞতা ও আঞ্চলিক নেতৃত্বপূর্ণ অবস্থান এই সংকট সমাধানে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন। তবে মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন সংঘর্ষের কারণে গত ১৮ মাসে প্রায় দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে, যার ফলে দেশে রোহিঙ্গা সংখ্যা প্রায় ১৩ লাখ ছাড়িয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সম্প্রতি রোহিঙ্গা তহবিল বন্ধ করায় আশ্রয়, খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ অভূতপূর্ব চাপে পড়েছে। চলতি বছর কক্সবাজার, জাতিসংঘ সাধারণ পরিষদে এবং কাতারের দোহায় তিনটি সম্মেলন অনুষ্ঠিত হবে।