
নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথক বৈঠক করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে তার সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান। পরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এর আগের দিন রোববার সেনাপ্রধান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে দেখা করেছিলেন।
সম্প্রতি চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। গত ২১ আগস্ট তিনি সরকারি সফরে চীন যান এবং ২৮ আগস্ট রাতে দেশে ফেরেন। সেখানে তিনি পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইসহ চীনের শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা, সামরিক শিল্পের উন্নয়ন, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে চীনের সহায়তা নিয়ে আলোচনা হয়। সফরকালে সেনাপ্রধানকে পিএলএর সদর দপ্তরে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।
অন্যদিকে, রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের প্রধান তিন রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস দেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকটি অনুষ্ঠিত হবে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।