নিউজ ডেস্ক: আগামী ১২ মার্চ শুরু হতে যাওয়া জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে সরকারের গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপ ও উদ্যোগের প্রতিফলন থাকবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী বলেন, আগামী ১২ মার্চ জাতীয় সংসদ-এর প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। এই অধিবেশনে সরকারি দল হিসেবে সরকারের বিভিন্ন কর্মসূচি ও সিদ্ধান্ত তুলে ধরতে মন্ত্রিপরিষদ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।
তিনি জানান, সরকারের গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত—যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষিঋণ মওকুফ কর্মসূচি—রাষ্ট্রপতির ভাষণে গুরুত্বসহকারে তুলে ধরা হবে।
জহির উদ্দিন স্বপন বলেন, “ইতোমধ্যে আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষিঋণ মওকুফ—এসব উদ্যোগ রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে প্রতিফলিত হয়, সে বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে।”
তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং যেসব কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো নিয়েও বৈঠকে আলোচনা করা হয়েছে।
বিশ্বের বর্তমান যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে অর্থমন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।