নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। শনিবার দুপুরে জেলা রিটারনিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পিপি আলী আশরাফ মাসুম।
এসময় পবা ও মোহনপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন চান তারা।
পিপি আলী আশরাফ মাসুম বলেন, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রার্থী, দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ সবাই নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। আমরা আশা করছি নির্বাচন যথাযথ সময়ে হবে এবং ধানের শীষের পক্ষে জোয়ার বইবে।
অপরদিকে, তফসিল অনুযায়ী যথাসময়ে নির্বাচন নিয়ে শঙ্কার কথা উড়িয়ে দিচ্ছেন না বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন। তিনি বলেন, এবারের নির্বাচনেও ২০১৮ সালের মত অনেকে দল বাজি করার চেষ্টা করছে। কিন্তু জনগণ সেটি কোনভাবে মেনে নিবে না।
তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ম্যানডেট বাস্তবায়ন জরুরি। তিনি ২০২২ সালেই এই ম্যানডেট দিয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি দৃঢ়ভাবে কাজ করে যাবে।
শনিবার পর্যন্ত রাজশাহীর ৬ টি আসনের বিপরীতে মোট ৯ জন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এদের মধ্যে ৪ জন বিএনপির দলীয় প্রার্থী, একজন জামায়াতে ইসলামীর প্রার্থী এবং ৪ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।