
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। রোববার (১৮ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পত্রপুর জুটমিল সংলগ্ন রাজশাহী-নওগাঁ মহাসড়ক এবং খাড়ইল এলাকা থেকে এসব ফেনসিডিল জব্দ করা হয়। তবে অভিযানে অভিযুক্ত মাদক কারবারি পালিয়ে গেলেও চক্রের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
সোমবার (১৯ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক মো. জিললুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, মোহনপুর উপজেলার খাড়ইল এলাকার সিরাজুল ইসলামের ছেলে খোরশেদ আলম ওরফে সবুজ দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খোরশেদ নিজ বাসা থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশায় ফেনসিডিল নিয়ে বের হয়েছেন। সেই তথ্যের ভিত্তিতে পত্রপুর জুটমিল সংলগ্ন মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। অভিযুক্ত সেখানে পৌঁছালে তাকে থামানোর চেষ্টা করা হয়, কিন্তু তিনি সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে অটোরিকশাটি রাস্তার পাশে খাদে ফেলে দিয়ে পালিয়ে যান।
পরবর্তীতে অটোরিকশাটি তল্লাশি করে জ্যাকেট সদৃশ প্যাকেটের ভেতর থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এরপর খোরশেদের বাড়িতে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে আরও ২০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তবে সে সময় খোরশেদ আলম বাড়িতে উপস্থিত ছিলেন না।
উপ-পরিচালক জিললুর রহমান জানান, প্রাথমিক অনুসন্ধানে মাদক চক্রের অন্যান্য সদস্যদের পরিচয় ও অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় মোহনপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।