
নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলার অভিযোগে রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে নগরের ছোটবনগ্রাম এলাকার নিজ বাড়ি থেকে চন্দ্রিমা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর জাকির হোসেন অমিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়। ডিবির কাছে তদন্তাধীন নগরের বোয়ালিয়া থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
জাকির হোসেন অমির গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার গনীপুরে। তিনি রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডেন্টাল ইউনিটের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি রাজশাহী মহানগরের ছোটবনগ্রাম এলাকায় স্ত্রীকে নিয়ে বসবাস করেন। টাকার বিনিময়ে কমিটি দেওয়ার অভিযোগে ২০২২ সালের ১৯ অক্টোবর তাকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
গত ১৬ জানুয়ারি রাতে অমিকে তার ভাড়া বাসার সামনে থেকে অপহরণ নিয়ে গিয়ে দুই কোটি ৭০ লাখ টাকা মুক্তিপন দাবি করা হয়। পরে র্যাব ও পুলিশ তাকে উদ্ধার করে। এ সময় আব্দুর রশিদ (৫০) ও মীম ইসলাম (৩০) নামের দুজনকে গ্রেপ্তার করে র্যাব ও পুলিশ সদস্যরা। মীম হলেন আব্দুর রশিদের গাড়িচালক। তাদের দুজনের বিরুদ্ধে থানায় অপহরণের মামলা করেছেন অমির বাবা আমির হোসেন।
অভিযুক্ত আব্দুর রশিদের সঙ্গে জমির ব্যবসায় নেমেছিলেন অমি। জমি ও প্লট বিক্রির টাকার লেনদেন সংক্রান্ত বিরোধ থেকে অমিকে তুলে নিয়ে ২ কোটি ৭০ লাখ টাকা আদায়ের চেষ্টা করেছিলেন রশিদ।