নিজস্ব প্রতিবেদক : ১৬ ডিসেম্বর সোমবার মহান বিজয় দিবস। দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে ঐতিহ্যবাহী রাজশাহী কলেজে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু করা হয়। ৮.৩০ মিনিটে কলেজের বিভিন্ন বিভাগের উদ্যোগে বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়।
এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী ও উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। এরপর কলেজ শহিদ মিনারে শহিদদের মহান আত্মত্যাগের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী, উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোসাঃ ইয়াসমিন আকতার সারমিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রাধানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
পরে বাঁধন আয়োজিত রক্তের গ্রুপ নির্ণয় এবং বিএনসিসির ক্যাডেটদের বিশেষ দেয়ালিকার উদ্বোধন করেন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ । এরপর কলেজ মাঠে অনুষ্ঠিত হয় বিজয় দিবসের কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা। এ সময় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং বিএনসিসির আয়োজনে কুচকাওয়াজ ও প্যারেড পরিদর্শন করেন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়। রাজশাহী কলেজ রোভার স্কাউটের আয়োজনে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যকে ধারণ করে এক মনোজ্ঞ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এরপর বেলুন-ফেস্টুন উড়িয়ে ও শান্তির প্রতীক কবুতর উন্মুক্ত করে বিজয় দিবস-২০২৪-এর খেলাধুলার উদ্বোধন করা হয়। খেলাধুলায় রাজশাহী কলেজের উচ্চমাধ্যমিকসহ অনার্স, মাস্টার্স ও ডিগ্রী পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের খেলা শেষে রাজশাহী কলেজের শিক্ষকবৃন্দের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকেলে কলেজ প্রশাসন ভবনের সামনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সর্বশেষে অধ্যক্ষ মহোদয় অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, কর্মচারী ও অতিথিবৃন্দকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।