
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই লাইসেন্স ও মান সনদ ছাড়া লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআই’র উদ্যোগে অভিযান পরিচালিত হয়।
অভিযানে নগরীর বিসিক শিল্পনগরী এলাকার মেসার্স রাতুল বেকারি এবং মেসার্স ইউসুফ প্রোডাক্টস নামের দুটি প্রতিষ্ঠানের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযোগ, তারা গুণগত মানের সনদ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, বিক্রি ও বিতরণ করছিল এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করছিল।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমান, এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, বিএসটিআই বিভাগীয় অফিসের প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ ও গুণগত মানসম্পন্ন খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।