নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর ১৬ নম্বর ওয়ার্ডে মাদকের বিস্তার রোধ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ ও র্যালি করেছেন স্থানীয়রা। শুক্রবার (১৪ আগস্ট) জুমার নামাজের পর ‘বখতিয়ারাবাদ যুব সমাজ’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন এলাকাবাসী।
জানা গেছে, জুমার নামাজের পর বখতিয়ারাবাদ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বয়োজ্যেষ্ঠ ও যুবকরা মাদকবিরোধী র্যালিতে অংশ নেন। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে শেষ হয়। সেখানে মাদক নির্মূলের দাবিতে বিক্ষোভ করেন তারা।
বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকায় দিন দিন মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে স্কুলগামী শিশু-কিশোর ও উঠতি বয়সী তরুণরা সহজেই মাদকে জড়িয়ে পড়ছে। এতে তাদের শিক্ষাজীবন ও স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। সন্তানদের মাদকে জড়িয়ে পড়ার ঘটনায় অভিভাবকরাও উদ্বেগের মধ্যে রয়েছেন।
স্থানীয়রা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর প্রভাব পড়ে পুরো পরিবার ও সমাজে। মাদকের সহজলভ্যতা বন্ধের পাশাপাশি কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা জরুরি। তা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
বিক্ষোভ থেকে স্থানীয়রা পুলিশকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে হুঁশিয়ারি দেন। তারা বলেন, এ সময়ের মধ্যে মাদক কারবারিদের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।
এ সময় বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন। তিনি জানান, শনিবার (১৫ আগস্ট) বোয়ালিয়া থানা থেকে বিশেষ পুলিশ ফোর্স এনে ওই এলাকায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।
পুলিশের আশ্বাসে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করলেও তারা বলেন, শুধু এক দিনের অভিযান নয়, মাদক পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত নিয়মিত অভিযান অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে মাদকে আসক্ত কিশোর-তরুণদের পুনর্বাসন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ারও দাবি জানান তারা।