
নিজস্ব প্রতিবেদক: জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফল করার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে রোববার (১৪ সেপ্টেম্বর) নগর ভবনের সিটি হল সভাকক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম।
সভায় জানানো হয়, সরকারী ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর এবং কমিউনিটি পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কার্যক্রম বাস্তবায়ন করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ২৭৮টি কেন্দ্র এবং কমিউনিটি পর্যায়ে ২৪০টি কেন্দ্রের মাধ্যমে ১ লাখ ৩৫ হাজার ১২৭ জন শিশুকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এ টিকার জন্য জন্ম নিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।
সভায় বক্তারা সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং কমিউনিটি পর্যায়ের শিশুদের টিকাদান নিশ্চিত করতে শিক্ষার্থী, পরিবার ও স্থানীয় কমিউনিটির সক্রিয় অংশগ্রহণের আহবান জানান। এছাড়া পরিবার ও প্রতিবেশীদের মধ্যে এই ক্যাম্পেইনের গুরুত্ব জানাতে এবং নির্দিষ্ট দিনে টিকা নিতে কেন্দ্রে আসার জন্য উদ্বুদ্ধ করার পরামর্শ দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ হাবিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী পরিচালক মো: আব্দুর রাজ্জাক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী উপ-পরিচালক মোঃ আব্দুর রশিদ, প্রাথমিক শিক্ষা রাজশাহীর উপ-পরিচালক মোঃ সানাউল্লাহ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডাঃ মোঃ কামরুজ্জামান, ইউনিসেফের জাতীয় ইপিআই স্পেশালিস্ট ডাঃ রেজাউর রহমান মিল্টন, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এফএএম আঞ্জুমান আরা বেগম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।