
নিজস্ব প্রতিবেদক: ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসের মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট ইমরুল কাশেম ইমনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইমরুল কাশেম ইমনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নামজারি (মিউটেশন) ও বিবিধ সার্টিফিকেট-সংক্রান্ত সেবা দেওয়ার নামে সেবাপ্রার্থীদের কাছ থেকে ঘুষ নেওয়া এবং হয়রানির অভিযোগ ছিল। সম্প্রতি ঘুষ লেনদেনের একটি ভিডিও একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হলে বিষয়টি আলোচনায় আসে।
এর পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীদের সুনির্দিষ্ট অভিযোগ ও প্রচারিত প্রতিবেদনের ভিত্তিতে প্রাথমিক তদন্ত করা হয়। এতে ইমনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের আদেশে বরখাস্ত হওয়া কর্মচারীর বিরুদ্ধে অভিযোগনামা ও অভিযোগের বিবরণী প্রস্তুত করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠাতে তানোর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে। আদেশের অনুলিপি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।