
নিজস্ব প্রতিবেদক, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। প্রথম দিনে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রবিবার সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে রাকসু কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদের জন্য পাঁচজন এবং খালেদা জিয়া হল সংসদের জন্য একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, “মনোনয়নপত্র বিতরণ সুষ্ঠুভাবে শুরু হয়েছে। রাকসুর বিভিন্ন পদে ৫ জন এবং খালেদা জিয়া হল থেকে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।”
নির্বাচনের পরিবেশ ও বিভিন্ন ছাত্রসংগঠনের দাবিদাওয়া প্রসঙ্গে তিনি বলেন, “নিরাপত্তা সংক্রান্ত একটি কমিটি গঠন এবং ভোটার তালিকায় ছবি সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থানান্তর ও ছাত্রদলের সময় বাড়ানোর আবেদনসহ বিভিন্ন সংগঠনের দাবির বিষয়ে আমরা আলোচনায় বসব। তফসিল অনুযায়ী কাজ চলবে, তবে নির্বাচন পেছাবে কি না, তা এখনই বলা যাচ্ছে না।”
কর্মবিরতির সংশয় কাটিয়ে দুপুর ১২টার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে সজীব খানের মনোনয়নপত্র উত্তোলনের মাধ্যমে এবারের নির্বাচনী কার্যক্রমের সূচনা হয়। এরপর নারী বিষয়ক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন বাংলা বিভাগের শিক্ষার্থী মোছা. নিশা আক্তার, যিনি এবারের নির্বাচনে প্রথম নারী প্রার্থী হিসেবে ফরম তুললেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বিতরণ চলবে ২৬ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত। রাকসু ও সিনেট নির্বাচনের ফরম বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের কোষাধ্যক্ষের কার্যালয় থেকে এবং হল সংসদের ফরম স্ব স্ব হলের প্রশাসনিক কার্যালয় থেকে সংগ্রহ করা যাচ্ছে।
এর আগে পোষ্য কোটা পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির কারণে রোববার সকালে মনোনয়নপত্র বিতরণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে বেলা সোয়া একটার দিকে তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
গত মঙ্গলবারও পূর্ণদিবস কর্মবিরতির কারণে মধ্যরাতে একবার মনোনয়নপত্র বিতরণ স্থগিত করা হয়েছিল।