
ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৫ জন, এজিএস পদে ১৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৩ পদের বিপরীতে মোট ২৬০টি মনোনয়নপত্র জমা পড়েছে।
হল সংসদের ১৭টি মধ্যে ১৬টি আবাসিক হলের ২৪০ পদের (প্রতি হলে ১৫টি পদ) বিপরিতে ৫৫৮ জনের মনোনয়নপত্র জমা পড়েছে। এছাড়াও সিনেটে ছাত্র প্রতিনিধির ৫টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬২ জন।
রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষে দিনে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ তথ্য দিয়েছেন। তিনি জানান, রাকসুর ৩৯৫টি মনোনয়নপত্র তোলা হলেও শেষ পর্যন্ত ১৩৫টি মনোনয়নপত্র জমা পড়েনি। আর ছেলেদের একটি হলের তথ্য দিতে পারেননি তিনি।
রাকসুর সহ-সভাপতি (ভিপি) পদে ২০ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৫ জন, সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কেন্দ্রীয় সংসদে বাকি পদগুলোতে মনোনয়নপত্র জমা দিয়েছেন যথাক্রমে ক্রীড়া সম্পাদক পদে ৯ জন, সহকারী ক্রীড়া সম্পাদক পদে ৬ জন, সংস্কৃতি সম্পাদক পদে ১১ জন, সহকারী সংস্কৃতি সম্পাদক পদে ৯ জন, নারী বিষয়ক সম্পাদক পদে ৭ জন, নারী বিষয়ক সহকারী সম্পাদক পদে ৮ জন, তথ্য ও গবেষণা সম্পাদক পদে ১৩ জন এবং সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৮ জন।
এছাড়া মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ১০ জন, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ১০ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৯ জন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৮ জন, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৯ জন, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৬ জন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১২ জন, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১৮ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ৫৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অপরদিকে হল সংসদের ১৫ পদে নির্বাচনে ১৭টি আবাসিক হলের মধ্যে ১৬টি হলে ৫৫৮ জন শিক্ষার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ছেলেদের ১১টি হলের মধ্যে শাহ মখদুম হলের তথ্য পাওয়া যায়নি। সিনেটে ছাত্র প্রতিনিধির ৫টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬২ জন।
রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ২৮ জুলাই। এরপর বিভিন্ন সময় তফসিল সংশোধন করে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় রোববার নির্ধারণ করা হয়।
মনোনয়নপত্র বাছাই চলবে ৮ ও ৯ সেপ্টেম্বর। ১০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ১১ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
সর্বশেষ সংশোধিত তফসিল অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ শেষে সেদিনই ফলাফল মিলবে।