
নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রথম প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।সংগঠনটির পক্ষ থেকে সহ-সভাপতি (ভিপি) পদে মাহবুব আলম, সাধারণ সম্পাদক (জিএস) পদে শরিফুল ইসলাম এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে পারভেজ আকন্দকে প্রার্থী করা হয়েছে।
মঙ্গলবার বিকালে রাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ ফয়জুল ইসলাম আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
প্যানেলের অন্য সদস্যরা হলেন—জাহিদুল হাসান শরীফ, আহসানুল ইসলাম শাওন, কাজিউল ইসলাম এবং হাবিবুর রহমান। তবে তারা কোন পদে লড়বেন, তা মনোনয়নপত্র সংগ্রহের সময় চূড়ান্ত করা হবে বলে সংগঠনটি জানিয়েছে।
সংবাদ সম্মেলনে নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলেন সংগঠনটির রাবি শাখার সভাপতি ও ভিপি প্রার্থী মাহবুব আলম। তিনি বলেন, “রাকসু নির্বাচন হলে শিক্ষার্থীরা তাদের নির্বাচিত প্রতিনিধি পাবে, দীর্ঘদিনের নেতৃত্ব সংকটের অবসান হবে। আমরা চাই পেশিশক্তি ও আধিপত্যমুক্ত একটি নির্বাচন। সেজন্য ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থাপন করার দাবি জানাচ্ছি।”
নির্বাচিত হলে শিক্ষার্থীদের শতভাগ আবাসন নিশ্চিত, রেজিস্ট্রার অফিস ডিজিটালাইজেশন, গবেষণা ও ল্যাব সুবিধা বৃদ্ধিসহ ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান তৈরির মতো একগুচ্ছ প্রতিশ্রুতিও দেন তিনি।
আগামী ১৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত ২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে কর্তৃপক্ষ।
তফসিল অনুযায়ী, ১৪ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৭ থেকে ১৯ আগস্ট মনোনয়নপত্র বিতরণ এবং ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।