দুর্গাপুর প্রতিনিধি: কথা ছিলো এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়ে দু'জন বিয়ে করে সুখের সংসার গড়বে। কিন্তু এসএসসি পরীক্ষায় ফলাফল প্রকাশ হলে তাতে দেখা যায় প্রেমিক হৃদয় এক বিষয়ে অকৃতকার্য হয়েছে। আর এতেই ঘটে বিপত্তি। প্রেমিকা মাধবী ও তাঁর পরিবার কথা রাখেনি। একদিকে পরীক্ষায় অকৃতকার্য, অন্যদিকে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অভিমানে বিষপানে আত্মহত্যা করে প্রেমিক হৃদয়।
ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের ইসবপুর গ্রামে। প্রেমিক জনাব আলী হৃদয় (১৭) ওই গ্রামের জয়নাল আলীর ছেলে। আর প্রেমিকা মাধবী (১৬) নওপাড়া গ্রামের গোলাম মোস্তফার কন্যা।
স্থানীয় ইউপি সদস্য আবু সাঈদ জানান, মাধবীর সাথে প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিলো হৃদয়ের। কথা ছিলো এসএসসি পাশ করার পরে তারা দুজন বিয়ে করবে। দু'জনেই নওপাড়া উচ্চ বিদ্যালয় হতে গত এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো। এরপর পরীক্ষার ফলাফল প্রকাশে দেখা মিলে প্রেমিক হৃদয় এক বিষয়ে অকৃতকার্য হয়েছে।
এক সপ্তাহ আগে হৃদয়ের পরিবারের পক্ষ থেকে মাধবীর বাড়িতে বিয়ের প্রস্তাব দেয়া হয়। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে মাধবীর পরিবার। এমনকি প্রেমিক হৃদয়কেও প্রত্যাখ্যান করে প্রেমিকা মাধবী। গত সোমবার রাত ১০টার দিকে প্রেমিক হৃদয় অভিমানে বিষপান করে। একই সাথে ঘুমের ওষুধ খায়। এরপর তাকে উদ্ধার করে প্রথমে আলিপুর গ্রাম্য চিকিৎসক মানিক মিয়ার কাছে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ছেলেটি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ময়নাতদন্ত শেষে যুবকের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।