ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ব্যস্ততার মাঝেই চাঁদপুরে দেখা গেছে এক ব্যতিক্রমী ঘটনা। বৃহস্পতিবার (১৯ মার্চ) জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামে মাইকিং করে ‘ঈদ মুবারক’ ঘোষণা দিয়ে ঈদের নামাজ আদায় করা হয়েছে, যা স্থানীয়ভাবে কৌতূহল ও আলোচনার সৃষ্টি করেছে।
জানা যায়, সাদ্রা গ্রামে দীর্ঘদিন ধরেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের প্রচলন রয়েছে। তবে এবার সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.)-এর ছেলে মাওলানা আবু বকর সিদ্দিকের অনুসারীরা মধ্যপ্রাচ্যেরও একদিন আগে ঈদ পালন করেছেন।মাওলানা আবু বকর সিদ্দিক জানান, নাইজার, মালি সহ বিভিন্ন দেশে চাঁদ দেখা যাওয়ার তথ্যের ভিত্তিতে তারা ১৯ মার্চ ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, “চাঁদ যেহেতু একটাই, তাই সারা বিশ্বে একই দিনে ঈদ হওয়া উচিত।”
তিনি আরও জানান, সাদ্রা গ্রামের একাধিক স্থানে একই দিনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয়রাও। এক মাদ্রাসা শিক্ষক বলেন, “মাইকে ঈদ মুবারক ঘোষণার কথা শুনে পাশের গ্রাম থেকে গিয়ে দেখি সত্যিই ঈদের জামাত চলছে।”
উল্লেখ্য, চাঁদপুর জেলার অর্ধশতাধিক গ্রামে প্রতিবছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের প্রচলন রয়েছে। তবে এ বছর মধ্যপ্রাচ্যের আগেই ঈদ উদযাপন করায় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।